চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরের ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম নুরুল্লাহ (৬৫)। অভিযুক্ত তার ছেলে আব্দুল্লাহ। তাদের আদি বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিতা ও পুত্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, উত্তেজনার মধ্যে ছেলে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে আঘাত করেন। এতে নুরু উল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।