গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রবিবার (২৪ মে) দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোজতবা কিয়ান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরানের প্রতিরক্ষা শিল্পসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য 'শত্রুপক্ষের' কাছে পাচার করছিলেন।

ইরানের কর্তৃপক্ষ দাবি করেছে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রেখে সংবেদনশীল তথ্য আদান-প্রদান করেন। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে আটক করা হয়।

তবে এ ঘটনায় বিস্তারিত প্রমাণ বা তিনি ঠিক কী ধরনের তথ্য সরবরাহ করেছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একাধিক গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সামনে এসেছে। দেশটি বরাবরই বিদেশি শক্তির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কঠোর অবস্থান নিয়ে থাকে।