মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

চট্টগ্রামের মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

রবিবার (২৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মঘাদিয়া মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মো. আলী হোসেন (৬৫)। আহতরা হলেন— বাগেরহাট সদরের মো. ফরহাদ হোসেনের ছেলে মো. ইনজামুল হোসেন (৩২), মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের চরসড়ক এলাকার মো. মাঈনুদ্দীনের ছেলে মো. শাহীন (২৬), এবং উপজেলার জোরারগঞ্জের পশ্চিম সোনাপাহাড় এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল নাজমুল (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা অর্থনৈতিক অঞ্চল থেকে যাত্রী নিয়ে বের হচ্ছিল। এ সময় সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন এবং আরও তিনজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনায় আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।