বড় দলের হারজিতের এক মিশ্র অভিজ্ঞতা ফলাফল শেষ হলো স্প্যানিশ লা লিগার ২০২৫-২৬ মৌসুম। আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে তাদের শেষ ম্যাচে স্তব্ধ করে দিয়েছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে, সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে জয় দিয়ে মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। তবে মাঠের ফলের চেয়েও এই দুই ম্যাচ বেশি আবেগঘন ছিল দুই ক্লাবের দুই কিংবদন্তি রবার্ট লেভানডভস্কি এবং দানি কারভাহালের বিদায়ের কারণে।
মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সার হয়ে ক্লাবের জার্সিতে নিজের শেষ ম্যাচে গোল করে দলকে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। তবে চ্যাম্পিয়নদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কার্লোস কর্বেরানের ভ্যালেন্সিয়া। মাত্র ৫ মিনিট পরেই হাভি গুয়েরা চমৎকার এক শটে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান। এর কিছুক্ষণ পর লুইস রিওজা দুর্দান্ত গোল করে মেস্তায়ার গ্যালারিতে উন্মাদনা ছড়ান এবং ভ্যালেন্সিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। ম্যাচের একদম শেষ মুহূর্তে গুইদো রদ্রিগেজ বার্সার জালে তৃতীয়বারের মতো বল পাঠালে ৩-১ গোলের বড় জয় নিশ্চিত হয় ভ্যালেন্সিয়ার।