সাম্য, দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যেষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দুঃখ-দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। এ জন্য ছোটবেলায় তিনি দুখু মিয়া নামে পরিচিত ছিলেন।
নজরুল-জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনার আয়োজন করা হয়েছে। সরকারিভাবেও পালিত হবে নানা কর্মসূচি। এবারে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান হচ্ছে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার গত শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুলবর্ষ’ ঘোষণা করেন।
এ ছাড়া কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও নজরুল একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও নজরুলসংগীত পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমিতে গতকাল সেমিনার, নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শিরোনামে তিন দিনব্যাপী বিশেষ আয়োজনের শেষ দিন ছিল গতকাল। জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজনে দেশের খ্যাতিমান শিল্পীরা নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশন করছেন। অন্যদিকে নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা, কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতায় কবির স্ত্রী প্রমিলা নজরুলের স্মৃতিবিজড়িত এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ ছাড়া কক্সবাজারসহ বিভিন্ন জেলায় সরকারি গণগ্রন্থাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বইপাঠ, রচনা প্রতিযোগিতা, পুস্তক প্রদর্শনী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজন করছে।
কাজী নজরুল ইসলাম রবীন্দ্র-উত্তর বাংলা সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ। তিনি কবিতা, গান ও উপন্যাসে সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বাংলা সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনায় তিনি আজও অনুপ্রেরণার প্রতীক। অনন্ত প্রেরণার উৎস নজরুল ইসলাম ছিলেন প্রেমেপূর্ণ, বেদনায় নীল, আবার প্রতিবাদে ঊর্মিমাতাল। ১৯৭৬ সালের ২৭ আগস্ট (১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র) অসীমে যাত্রা করেন বিদ্রোহের এই কবি।