প্যারিসে ২৫৭০ বুদ্ধবর্ষ বরণ ও শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন

ফ্রান্সের রাজধানী প্যারিসের যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ২৫৭০ বুদ্ধবর্ষ বরণ ও শুভ বুদ্ধপূর্ণিমা। রবিবার (২৪ মে) ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগে সকাল ১০টা থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 

এ উপলক্ষে জার্দাঁ ভিলম্যাঁ প্রাঙ্গণ থেকে গার দ্য লিষ্ট চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

শুভ বুদ্ধপূর্ণিমাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই প্রবাসী বৌদ্ধদের মধ্যে ছিল আনন্দ ও উৎসবের আমেজ। সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে প্যারিসের কেন্দ্রস্থলে জড়ো হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গল বাণী পাঠের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। দিনব্যাপী আয়োজনে বৌদ্ধ ভিক্ষু সংঘের পিণ্ডচারণ, ধর্মীয় আলোচনা সভা, বাংলাদেশ ও ফ্রান্সসহ বিশ্ব শান্তি কামনায় পূণ্যদান, পূজনীয় ভান্তেদের ছোঁয়াং গ্রহণ, জ্ঞাতিভোজ এবং ধ্যান অনুশীলন অনুষ্ঠিত হয়। শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গৌতম বুদ্ধের অহিংসা, মানবতা ও সম্প্রীতির বাণী সম্বলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। শোভাযাত্রা শেষে সম্মিলিত ধ্যানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকরা বলেন, মহামতি গৌতম বুদ্ধের শান্তি, সম্প্রীতি ও অহিংসার বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এবার প্রথমবারের মতো ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধরা সম্মিলিতভাবে এ আয়োজন করেছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।

তারা আরও বলেন, জুরিস পার্ক থেকে গার দো ইস্ট পর্যন্ত শান্তি শোভাযাত্রা আয়োজনের অনুমতি দেওয়ায় ফ্রান্স সরকারের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

বৌদ্ধ ধর্মমতে, বৈশাখী পূর্ণিমার এই পবিত্র দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। এ কারণে দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘বুদ্ধ পূর্ণিমা’ বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। জাতিসংঘ দিনটিকে “ইন্টারন্যাশনাল ভেসাখ ডে” হিসেবে স্বীকৃতি দিয়েছে।  “জগতের সকল প্রাণী সুখী হোক” এই সার্বজনীন মানবিক বাণীকে ধারণ করে বিশ্বের বিভিন্ন দেশের মতো ফ্রান্সেও দিনটি উদযাপন করেন প্রবাসী বৌদ্ধরা। 

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী বৌদ্ধ জনগোষ্ঠীর উল্লেখযোগ্য একটি অংশ ফ্রান্সে বসবাস করছে। দেশটির বিভিন্ন শহরে প্রায় ১০ হাজার বাংলাদেশি বৌদ্ধের বসবাস রয়েছে। প্যারিস ও আশপাশের এলাকায় তাদের নিজস্ব অর্থায়নে নির্মিত ৯টি স্থায়ী বৌদ্ধ বিহারে নিয়মিত ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে