জার্মানিতে ২০২৫ সালে রেকর্ড তিন লাখ নয় হাজার ৮৫২ জন প্রবাসী নাগরিকত্ব পেয়েছেন। ২০২৪ সালে পেয়েছিলেন দুইলাখ ৯১ হাজার ৯৫৫ জন। এ তথ্য জানিয়েছে দেশটির সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ'।
২০২৪ সালের মাঝামাঝি জার্মানি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনে। এর আগে জার্মান নাগরিকত্ব পেতে হলে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হতো এবং কমপক্ষে আট বছর জার্মানিতে বসবাস করতে হতো। নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ দেয়া হয় এবং বাসস্থানের ন্যূনতম মেয়াদ পাঁচ বছরে নামিয়ে আনা হয়। এরপর থেকেই নাগরিকত্বের আবেদন দ্রুত বাড়তে শুরু করে। ২০২৪ সালে নাগরিকত্ব পাওয়ার সংখ্যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ২০২৫ সালে সেই বৃদ্ধির হার কিছুটা কমে ৬ শতাংশে দাঁড়িয়েছে।
২০২৪ সালে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের মধ্যে ২৮ শতাংশ ছিলেন সিরিয়ার নাগরিক। এরপরের স্থানে ছিলেন তুরস্কের নাগরিকরা। তবে এই পরিসংখ্যান জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে ১৪টির। পূর্বাঞ্চলের রাজ্য মেকলেনবুর্গ-ফোরপমার্ন এবং সাকসেন-আনহাল্টের তথ্য এখনো পাওয়া যায়নি। কিছু ক্ষেত্রে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি।
আগামী দিনে ইউক্রেনী শরণার্থীদের নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২২ সালের শুরুতে রাশিয়ার আক্রমণের পর যে ইউক্রেনীয়রা জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন, তাদের অনেকেই ২০২৭ সালের মধ্যে পাঁচ বছরের বাসস্থানের শর্ত পূরণ করবেন। উত্তরের অউরিখ অঞ্চলের একজন মুখপাত্র জানিয়েছেন, ২০২৭ সালের বসন্তের মধ্যে অনেক ইউক্রেনীয় নাগরিকত্বের আবেদনের জন্য যোগ্য হবেন এবং আইনি মর্যাদা নিশ্চিত করতে তারা এই সুযোগ নেবেন বলে আশা করা হচ্ছে।