খালেদা জিয়ার উপহার  ‘কালো মানিক  বিক্রি হলো ২০ লাখে

পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ অবশেষে বিক্রি হয়েছে। একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়া ৪৫ মণের এই বিশাল আকৃতির ষাঁড়টি উত্তরা দিয়াবাড়ি হাটে ২০ লাখ টাকায় বিক্রি করেন খামারি সোহাগ মিয়া।

২৩ মে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে গরুটি বিক্রি করা হয়। বিশাল আকৃতির ‘কালো মানিক’কে ঘিরে হাটজুড়েও ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ। গরুটির সঙ্গে ছবি তুলতে ও এক নজর দেখতে ভিড় করেন অনেকে।

উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মিয়া জানান, দীর্ঘ সাত বছর ধরে সন্তানের মতো করে গরুটিকে লালন-পালন করেছেন তিনি। শুরুতে গরুটির দাম ২২ লাখ টাকা চাইলেও শেষ পর্যন্ত সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে ২০ লাখ টাকায় বিক্রি করেন।

সোহাগ মিয়া বলেন, গরুটির জন্য আমি ২২ লাখ টাকা চেয়েছিলাম। তবে সিলেটের এই ব্যবসায়ী ২০ লাখ টাকা দিয়েছেন। আমি এই টাকা দিয়ে বড় একটি গরুর ফার্ম করতে চাই। তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। এখন পরিবারসহ সিলেটে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

সোহাগ মিয়া দেওয়া তথ্যানুযায়ী, ‘কালো মানিক’ প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও উচ্চতায় ৬ ফুট। বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে মানুষ ভিড় করতেন সোহাগ মিয়ার বাড়িতে।

গত বছর ‘কালো মানিক’কে উপহার হিসেবে খালেদা জিয়ার কাছে নিয়ে আসেন সোহাগ মিয়া। পরে তিনি গরুটি গ্রহণ না করে সোহাগ মিয়ার পরিবারের স্বচ্ছলতার জন্য গরুটি কাজে লাগানোর পরামর্শ দেন। পরে গরুটি আবার বাড়িতে ফিরিয়ে এনে লালন-পালন করতে থাকেন সোহাগ মিয়া।