বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে ২ কর্মচারীর মৃত্যু

রাজধানীর বাড্ডায় চিপস তৈরি কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে পুর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আব্দুল্লাহ ফুট চিপ তৈরির কারখানা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।

রবিবার (২৪ মে) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

মৃতরা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। তাদের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়।

ওই কারখানার অপর কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পুর্ব বাড্ডা কবরস্থান রোডে মালিক আমিরুল ইসলামের মারিয়া আব্দুল্লাহ ফুড নামে চিপস তৈরি কারখানাটি টিনসেড দুইতলা বিশিষ্ট। রবিবার রাতে সেখানে ১০ কর্মচারী ছিলেন। রাত ১০টার পর তারা খাওয়া দাওয়া করে কারখানার দুইতলায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে গরম হাওয়া ও ধোঁয়ায় আর মানুষের চিৎকারে ঘুম ভেঙে যায়। কারখানার সবাই বাইরে বের হলেও মোস্তফা ও মাহমুদুল বের হতে পারেনি। কারখানার নিচতলায় শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। 

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।