চট্টগ্রামের ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক। সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন চৌধুরী ও সহ সভাপতি হয়েছেন অ্যাসেসিয়েট গ্রুপ থেকে নির্বাচিত মোহাম্মদ মশিউল আলম স্বপন।
সোমবার (২৫ মে) দুপুরে নব নির্বাচিত পরিচালকদের ভোটে চেম্বার নতুন প্রেসিডিয়াম গঠন করা হয়।
চেম্বার সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে নতুন প্রেসিডিয়াম গঠনের লক্ষ্যে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। চেম্বার নির্বাচন বোর্ডের উপস্থিতিতে এ সভায় নব নির্বাচিত পরিচালকরা সর্বসম্মতিক্রমে উক্ত প্রেসিডিয়াম গঠন করেন।
নব নির্বাচিত সভাপতি মো. আমিরুল হক বলেন, চট্টগ্রাম চেম্বারকে একটি আত্মমর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি চেম্বারের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবে নতুন পরিচালনা পর্ষদ। দীর্ঘদিন পর চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের ভোটে নেতৃত্ব নির্বাচনের যে সংস্কৃতি চালু হয়ে তা আগামীতে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
২৩ মে অনুষ্ঠিত চিটাগাং চেম্বারের নির্বাচনে মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী হয়। নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে পরিচালকদের ভোটে প্রেসিডিয়াম গঠন করতে হয়।