দুমকিতে ‘শাড়িঘর’ থেকে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে মালিকের অনুপস্থিতির সুযোগে ‘শাড়িঘর’ নামে একটি কাপড়ের দোকান থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দোকানের ম্যানেজারের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি দোকান মালিকের চাচাতো ভাই বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা মো. সিদ্দিকুর রহমান দুলাল খান দীর্ঘদিন ধরে দুমকি থানা ব্রিজ সংলগ্ন এলাকায় ‘শাড়িঘর’ নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন। দোকানটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন তার চাচাতো ভাই সোবহান খান।

অভিযোগ রয়েছে, এক সময় দুলাল খান অসুস্থ হয়ে দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন থাকেন। এ সুযোগে দোকানের দেখভালের দায়িত্বে থাকা সোবহান খান বিভিন্নভাবে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। বিষয়টিকে প্রতারণা ও জালিয়াতি বলে দাবি করেছেন দুলাল খান। 

দুলাল খানের স্ত্রী নাসরিন আক্তার শিলা জানান, তার স্বামী অসুস্থ থাকার কারণে দোকানে বসতে পারেননি। তিনি হিসাব চাইতে গেলে তখন সোবহান বিভিন্ন তালবাহানা করেছেন। তিনি বলেন, আমরা তাকে আপন ছোট ভাইয়ের মতো বিশ্বাস করতাম। কিন্তু সে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমাদের টাকা আত্মসাৎ করার পর উল্টো আমাদের বিরুদ্ধে বরিশাল লেবার কোর্টে ২০ লাখ টাকার মামলা এবং পটুয়াখালী আদালতে একটি সাতধারার মামলা করেন সোবহান। তবে সাতধারা মামলায় আদালত আমাদের অব্যাহতি দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, দুলাল তাকে বিশ্বাস করেছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সোবহান বড় ধরনের ক্ষতি করেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত সোবহান খানের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।