ক্ষোভ ঝাড়লেন বাপ্পারাজ

চলচ্চিত্র অঙ্গনে শিল্পীদের দেহরক্ষী নিয়ে চলাফেরার প্রবণতা নিয়ে  ক্ষোভ প্রকাশ করলেন চিত্রনায়ক বাপ্পারাজ। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ছেন এই সিনিয়র অভিনেতা। 

শিল্পীদের নিরাপত্তা ও ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে আলোচনার মধ্যে সম্প্রতি অংশ নেওয়া এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করে বাপ্পারাজ বলেন, ‘শিল্পীর নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কখনোই তেমন কিছু ছিল না। বিগত কিছু সময়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে অতীতে নিজেদের শক্তিমত্তা জাহির করার জন্য হয়ত নিরাপত্তা বাহিনীকে আনা হয়েছিল। আমাদের শিল্পীদের কিন্তু নিরাপত্তার দরকার নেই।আমরা তো কোনো দিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা কোনো ছবি করেনি,পাঁচটি সিনেমা করেনি, যাদের কোনো ক্রেজ নেই তারা দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে! আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না।’ 

এ সময় শিল্পীদের উদ্দেশে বাপ্পারাজ বলেন, ‘আমরা শিল্পীরা সবাই এক। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। আমরা সবাই একটি পরিবারের মতো। ইউনাইটেড থাকতে চাই। কিছুদিন আগেও আমরা বসেছিলাম। আমার প্যানেলের ও আমার বিপরীতে যাঁরা ছিলেন, তাঁদের বলেছি, কোনো বিভেদের মধ্যে আমরা যাব না। কেউ কারো বিরুদ্ধে কথা বলব না। কাউকে আঘাত দিয়ে কটু কথা বলব না। আনন্দ-উৎসবের মাধ্যমে নির্বাচন হবে এটাই চাই।’