প্যারিসে ঈদ ৮ম বাণিজ্যমেলা অনুষ্ঠিত, বিদেশে বাংলার আবহ

ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক প্লাস দ্য লা রিপাবলিকে প্রবাসী সংগঠনের আয়োজনে অষ্টম বাণিজ্য মেলা ও ঈদ বাজার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজন শুধু একটি মেলা ছিল না, ছিল স্মৃতি, সংস্কৃতি আর শেকড়ের সঙ্গে প্রবাসীদের আবেগঘন পুনর্মিলন।

মেলাস্থল ঘুরে দেখা গেছে যে হাজারো বাংলাদেশির পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় স্টলগুলোতে বাহারি শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, গহনা, কসমেটিকস ও হস্তশিল্প যেন প্রবাসীদের মনে ফিরিয়ে আনছিল দেশের বাজারের চিরচেনা দৃশ্য।

মেলা থেকে কেউ কিনেছেন প্রিয়জনের জন্য উপহার, কেউ আবার দেশের গন্ধ খুঁজেছেন পোশাকের রঙে আর নকশায়। খাবারের স্টলগুলো ছিল সবচেয়ে প্রাণবন্ত। ফুচকার ঝাঁঝালো স্বাদ, বিরিয়ানির সুগন্ধ, মিষ্টির  আর ধোঁয়া ওঠা চায়ের কাপে যেন মিলেমিশে ছিল বাংলাদেশের অলিগলির পরিচিত অনুভূতি। দর্শনার্থীদের দীর্ঘ ভিড় প্রমাণ করছিল, প্রবাসে থেকেও বাঙালির রসনা আজও দেশের স্বাদেই বাঁধা।

দিনব্যাপী মেলার পাশপাশি সাংস্কৃতিক আয়োজনে গান, নাচ ও বিভিন্ন কমিউনিটি পরিবেশনা ছিল। আয়োজনে ছোটদের বাংলা গান, তরুণদের নাচ ছিল। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার এমন উদ্যোগকে স্বাগত জানান অভিভাবকরা।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, বিদেশের ব্যস্ত জীবনে এমন আয়োজন তাদের হৃদয়ে নাড়া দেয়। কিছু সময়ের জন্য হলেও তারা ভুলে যান ভিনদেশের দূরত্ব। বিদেশের নয়, যেন ঢাকার কোনো ঈদমেলা কিংবা চট্টগ্রাম-কক্সবাজারের উৎসবমুখর বিকেল মনে হয় তাদের ।

আয়োজক সংগঠনের সভাপতি এন কে নয়ন  জানান, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করতেই এই আয়োজন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।