বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে ও মা-মেয়ে নিহত

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে  শাজাহানপুর উপজেলার বনানী ঢাকা-রংপুর মহাসড়কে বাবা-মেয়ে ও বিকালে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে মা-মেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

জানা যায়, রংপুর থেকে পরিবার নিয়ে ঈদের করার জন্য মোটরসাইকেল যোগে পাবনার উদ্দেশ্যে রওনা দেন ব্র্যাকের এনজিও কর্মী আনিসুর রহমান (৩৫)। শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় পৌছুলে পিছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। এসময় ঘটনাস্থলে এনজিও কর্মী আনিসুর রহমান ও তার ৪ বছরের মেয়ে পুষ্প নিহত হয়। এঘটনায় গুরুতর আহত আনিসুর রহমানের স্ত্রী আয়েশা বেগম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম।

অন্যদিকে বিকালে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায়বাস ও ভ্যানের সংঘর্ষে কাজীপাড়া এলাকার বাবুল তালুকদারের স্ত্রী জেসমিন খাতুন (৪৫) এবং তার মেয়ে তণু আক্তার (২০) নিহত হন। এঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক শাওন মিয়া (১৮)। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা গেছে, জেলার দুপচাঁচিয়ায় ডাক্তার দেখিয়ে মা-মেয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। কাজীপাড়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫০ গজ পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী এভারগ্রীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, মা ও মেয়ের  উদ্ধার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।