কৌশলগত সম্পর্ক বাড়ানোর ঘোষণা চীন-পাকিস্তানের

ইসলামাবাদের সঙ্গে বেইজিংয়ের অটুট বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটিতে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে তিনি দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান জানান। গতকাল সোমবার বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং বলেন, গত কয়েক দশক ধরে দুই দেশ একে অপরকে অনুধাবন করেছে, বিশ্বাস করেছে এবং সমর্থন জুগিয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ‘অটুট ও ঐতিহ্যবাহী বন্ধুত্ব’ গড়ে উঠেছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন সবসময় পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নকে অগ্রাধিকার দেবে। একই সঙ্গে তিনি চীন-পাকিস্তান অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায় গঠনে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে চীন ও পাকিস্তানকে ‘আয়রন ব্রাদার্স’ হিসেবে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, দুই দেশের সম্পর্ক অতুলনীয়। বৈঠকে শাহবাজ শরিফ আরও বলেন, বিশ্ব বর্তমানে এক সংকটপূর্ণ সময় পার করছে। পরিস্থিতি সঠিক পথে এগোচ্ছে এবং শান্তি প্রতিষ্ঠায় চীনের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এর আগে তিনি চীনের প্রিমিয়ার লি ছিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেন। এই সফর এমন একসময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন পাকিস্তান মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদ সক্রিয় ভূমিকা রাখছে। তবে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে চীনা নাগরিক ও বিভিন্ন প্রকল্পের ওপর জঙ্গিদের হামলা বেইজিংকে ক্ষুব্ধ করেছে। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের উষ্ণ সম্পর্ক এ দ্বিপক্ষীয় সম্পর্ককে কিছুটা জটিল করে তুলেছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি বলেছে, পাকিস্তানের সঙ্গে কৃষি, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রতিভা বিকাশের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বেইজিং।

এ সফরে শাহবাজ শরিফের সঙ্গে বেইজিংয়ে উপস্থিত রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়ার মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। বেইজিং সফরের ঠিক আগেই গত শুক্র ও শনিবার আসিম মুনির এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরান সফর করেন এবং ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের বিষয়ে আলোচনা করেন। চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে গত শনিবার হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং। সফরের অংশ হিসেবে হাংঝৌতে চীনের কমিউনিস্ট পার্টির ঝেইজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গেও বৈঠকে করেন শাহবাজ শরিফ।