জিকো ফিরলেন নতুন মুখ স্বাধীন

সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক গোলরক্ষক পজিশনে অভিজ্ঞ আনিসুর রহমান জিকোর প্রত্যাবর্তন। দীর্ঘ ৩২ মাস পর জাতীয় দলের দরজা খুলল তার জন্য। এছাড়া দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের তরুণ ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সরাসরি জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।

গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দল থেকে মেহেদী হাসান শ্রাবণ বাদ পড়ায় মিতুল মারমা ও সুজন হোসেনের সঙ্গে তৃতীয় গোলরক্ষক হিসেবে অভিজ্ঞ জিকোকে দলে ফিরিয়েছে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা। অন্যদিকে, নিষেধাজ্ঞার কারণে সিঙ্গাপুর ম্যাচে খেলতে না পারা দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মন রক্ষণভাগে ফিরেছেন। ৬ বছর পর ফিরেছেন ডিফেন্ডার মঞ্জুরুল রহমান। তবে পারিবারিক কারণে এই সফরের দলে রাখা হয়নি তারকা উইঙ্গার রাকিব হোসেনকে।

নতুন কোচ টমাস ডুলির অধীনে এটিই হতে যাচ্ছে লাল-সবুজদের প্রথম ম্যাচ। একই সঙ্গে এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচের জন্য ইউরোপ সফর। তিন প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন না। ইংল্যান্ড থেকে তারা সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন। তবে বিদেশের লিগে খেলা আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ইতিমধ্যে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিয়েছেন।

প্রথম দিনে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের বাইরে রেখে মোট ১৬ জন ফুটবলার নিয়ে কিংস অ্যারেনায় অনুশীলনে নামে দল। ঢাকায় ৬ দিন নিবিড় অনুশীলনের পর আগামী ৩১ মে সান মারিনোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ক্যাম্পের প্রথম দিনেই নতুন কোচ টমাস ডুলের সঙ্গে যোগ দিয়েছেন সহকারী কোচ ইতালিয়ান-কানাডিয়ান নাগরিক মার্ক ব্রুনো। গত রাতে ঢাকায় পৌঁছে তিনি সরাসরি টিম হোটেলে অবস্থান করছেন।

নতুন কোচ টমাস ডুলির অধীনে একটি নতুন ও ইতিবাচক শুরুর আশা করছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সাবেক কোচ কাবরেরার অধীনে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া জামাল তার কঠিন সময় নিয়ে সাংবাদিকদের কাছে খোলামেলা কথা বলেন, ‘আশা করি, নতুন কোচ নিয়ে আমাদের একটি নতুন যাত্রা শুরু হবে। আগের কোচ আমাকে সেভাবে পছন্দ করতেন না এটা সবাই জানত। নতুন কোচের সঙ্গে দলে নতুন উদ্যম আসবে, সবকিছুই নতুন হবে। এখানে আমি আমার সেরাটা দিতে প্রস্তুত।’

ইউরোপের ভিন্ন কন্ডিশনে খেলা নিয়ে রোমাঞ্চ প্রকাশ করে অধিনায়ক বলেন, ‘প্রত্যাশা অনেক বেশি, কারণ দলটা অনেক ভালো ও বেশ শক্তিশালী। এবারই প্রথম আমরা ইউরোপে খেলতে যাচ্ছি, তাই অনুভূতিটাও অন্যরকম। এশিয়ার তুলনায় সেখানকার আবহাওয়া ও জলবায়ু ভিন্ন। সেখানে যাওয়ার পর আমরা বুঝতে পারব কীভাবে মানিয়ে নিতে হবে। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ম্যাচ হতে যাচ্ছে, তাই ব্যাপারটা বেশ রোমাঞ্চকর।’