রুশ নাগরিকদের সুরক্ষায় পুতিনের নতুন আইন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশে আটক বা বিদেশি আদালতে দণ্ডিত রুশ নাগরিকদের সুরক্ষায় সামরিক বাহিনী ব্যবহারের অনুমোদন দিয়ে একটি নতুন আইন স্বাক্ষর করেছেন। সোমবার (২৫ মে) দেশটির আইনগত তথ্য পোর্টালে প্রকাশিত নথির বরাতে এ তথ্য জানা গেছে। 

আইনে বলা হয়েছে, রুশ সশস্ত্র বাহিনী তাদের ক্ষমতার আওতায় বিদেশি রাষ্ট্রে আটক, গ্রেপ্তার বা বিচারাধীন রুশ নাগরিকদের সুরক্ষায় প্রয়োজন হলে হস্তক্ষেপ করতে পারবে। বিশেষ করে যেসব আদালত রাশিয়ার অংশগ্রহণ ছাড়া অন্য দেশের পক্ষে সিদ্ধান্ত দিচ্ছে এবং যাদের বিচারিক ক্ষমতা কোনো আন্তর্জাতিক চুক্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ওপর ভিত্তি করে নয়, সেসব ক্ষেত্রকে লক্ষ্য করে এই ব্যবস্থা নেওয়া হবে।

আইনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের ১০ দিন পর কার্যকর হবে বলে জানানো হয়েছে। 

এর আগে রুশ স্টেট ডুমার স্পিকার ভাচেস্লাভ ভলোদিন বলেন, পশ্চিমা দেশগুলোর বিচারব্যবস্থা 'দমনমূলক যন্ত্রে' পরিণত হয়েছে, যারা ইউরোপীয় নীতিনির্ধারকদের সিদ্ধান্তের বিরোধিতা করে তাদের শাস্তি দিচ্ছে ,এই অভিযোগ থেকেই রুশ নাগরিকদের সুরক্ষায় নতুন আইনটির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।