ঢাকায় ভারতীয় হাইকমিশনের (এইচসিআই) নতুন লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ মে) গুলশান অ্যাভিনিউয়ের ইন্ডিয়ান কালচারাল সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ লাইব্রেরির উদ্বোধন করেন ভারতে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা।
অনুষ্ঠানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তিনি বলেন, কাজী নজরুল ইসলামের কবিতা ভারত ও বাংলাদেশের মানুষের সম্মিলিত স্মৃতিতে চিরস্থায়ীভাবে স্থান করে নেবে।
হাইকমিশনার আশা প্রকাশ করেন, নতুন এই লাইব্রেরি বই ও জ্ঞানের শক্তিতে বিশ্বাসী সবার জন্য একটি উন্মুক্ত ও স্বাগতপূর্ণ স্থান হিসেবে কাজ করবে।
নবনির্মিত এইচসিআই লাইব্রেরিটি স্বাধীন বাংলাদেশের প্রাচীনতম লাইব্রেরিগুলোর একটি হিসেবে দীর্ঘদিন ধরে ভারতীয় শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, সাহিত্য, ইতিহাস ও রাজনীতি সম্পর্কে জ্ঞান ও তথ্য ছড়িয়ে আসছে। নতুন সংগ্রহে ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষার বিপুল সংখ্যক বই রাখা হয়েছে।
লাইব্রেরিটি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া ভারতীয় হাইকমিশন ঢাকা থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন ‘ভারত বিচিত্রা’ও পাঠকদের জন্য পাওয়া যাবে।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাংলাদেশি শিল্পী অভিজিৎ কুন্ডু, যিনি কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করেন।