কুমিল্লার দাউদকান্দিতে গৌরীপুর-পেন্নাই-মতলব বাবুরহাট সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় চরম জনদুর্ভোগের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চালক ও স্থানীয় ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে সচেতন এলাকাবাসী ও ভুক্তভোগী জনতার ব্যানারে ঢাকামুখী লেনে করা অবরোধে ভোগান্তিতে পড়েছেন ঈদযাত্রায় ঘরমুখো মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী সিএনজি চালক, অটোরিকশা চালক, পরিবহন শ্রমিক ও স্থানীয়রা বলেন, যেখানে এক মিনিটে রাস্তা পার হওয়ার কথা, সেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। এতে সময় নষ্ট, জ্বালানি অপচয় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। দ্রুত উভয় পাশের সংস্কার কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানান তারা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, সড়কের এক পাশের কাজ শেষ করলেও অন্য পাশের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় এক লেনে যান চলাচল করতে হচ্ছে। এতে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে এবং হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি মডেল থানার ওসি এম এ বারী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ স্থানীয় ছাত্র নেতা কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির উপস্থিত হয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, আমরা সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে কথা বলেছি। এখন সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দিবে এবং ঈদের পর দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছে। আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।