ঈদের নাটক ‘প্রবাসী বউ’

এবার ঈদে প্রবাসী বউ হয়ে দর্শকের সামনে আসছেন অভিনেত্রী অহনা। অনামিকা মন্ডলের কাহিনী ও সংলাপে নাটকটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকে গল্পে দেখা যাবে, আম্বিয়া তিন বছর পর বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। তার স্বামী রাকিব খুব খুশি বউ ফিরে আসায়। আম্বিয়া-রাকিবের সংসারে আছেন রাকিবের মা ও বোন। 

বউ ফিরে আসায় খুশিতে রাকিব পুরো গ্রামে মিষ্টি বিলায়। ফুলের মালা দিয়ে বউকে বরণ করে নেয়। আম্বিয়াও খুশি স্বামীর এতো ভালোবাসা পেয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু গ্রামের মাতবর আম্বিয়ার কাছে সুযোগ নিতে আসে। আম্বিয়াকে প্রেম নিবেদন করে। আম্বিয়া মাতবরকে থাপ্পড় দিয়ে বিদায় করে দেয়। এরপর থেকে মাতবর গ্রামে আম্বিয়ার নামে চরিত্রহীনসহ নানা অপবাদ দিতে শুরু করে। 

নাটকে অহনার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। এছাড়াও রয়েছেন ইরা তালুকদার, এস এম কামরুল বাহার, সাহেলা আক্তার, ফারহানা এশা, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, অয়ন খান প্রমুখ। পরিচালক কাজী সাইফ জানান, নাটকটি ঈদে আরটিভিতে প্রচার হবে।