বেলজিয়ামের বুগেনহাউট এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে স্কুল বাসের ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী এবং বাকি দুজন বাসের চালক ও গাইড। এই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ১৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত বুগেনহাউট ট্রেন স্টেশনের কাছের একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রী জঁ-লুক ক্রুক এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ওই স্কুল বাসটিতে মোট ৯ জন আরোহী ছিলেন। এদের মধ্যে সাতজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং বাকি দুজন চালক ও গাইড।
বেলজিয়ামের রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইনফ্রাবেলের মুখপাত্র ফ্রেদেরিক সাক্রে জানান, সকাল ৮টা ০৮ মিনিটে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ারগুলো নামানো ছিল এবং লাল বাতি জ্বলছিল। সিগন্যাল অমান্য করে বাসটি কীভাবে ভেতরে ঢুকে পড়ল তা এখনও স্পষ্ট নয়।
তিনি আরও জানান, ট্রেন চালক বাসটিকে দেখতে পেয়ে জরুরি ব্রেক চেপেছিলেন, কিন্তু ততক্ষণে গতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। তবে ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি। শুধু একজনকে আতঙ্কের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মর্মান্তিক এ ঘটনায় বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রী বার্নার্ড কুইন্টিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ গভীর শোক প্রকাশ করে লিখেছেন, বুগেনহাউটে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে স্তব্ধ ও মর্মাহত। নিহতদের পরিবার ও তাদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।