হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঘোষণার পরপরই লেবাননজুড়ে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা ও অন্যান্য এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে এক বিবৃতিতে আইডিএফ দাবি করে, তারা হিজবুল্লাহর ১০০টিরও বেশি অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
লেবাননের স্থানীয় গণমাধ্যম জানায়, বেকা উপত্যকার মাশঘারা এলাকায় হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে আইডিএফ দাবি করেছে, সেখানে 'সন্ত্রাসীদের লক্ষ্য করে' দ্রুত কয়েক সেকেন্ডের ব্যবধানে হামলা চালানো হয়েছে এবং লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ড্রোন ও রকেট ব্যবহার করে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ২২টি পাল্টা হামলা চালিয়েছে। সংগঠনটি দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল ইসরায়েলি সেনা, ট্যাংক ও সামরিক স্থাপনা।
ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে, সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায়।
এর আগে ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে রয়েছে এবং তাদের 'চূড়ান্ত আঘাত' দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহর ৬০০-র বেশি যোদ্ধা নিহত হয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করছে, তারা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হামলা চালাচ্ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।