সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

সিরাজগঞ্জে সলঙ্গা থানার রামার চর চড়িয়া এলাকায় র্যাব-১২ এর কার্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিএনজি টেম্পুর পেছনে বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত ও ১ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো-সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫), একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্র নাথ সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সূত্রধর (৪০)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম আলী বলেন, ঢাকা-রাজশাহী মহাসড়কের র‌্যাব-১২ এর কার্যালয়ের সামনে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ তিন জন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ দিন সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস র‌্যাব-১২ অফিসের পাশে রামার চর চড়িয়া কান্দিপাড়া ব্রীজের উপরে পৌছলে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী একটি সিএনজিটিকে পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালক সহ তিন জন নিহত হয়। এক যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।