বগুড়ার শেরপুরে একটি সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আগুনে বিপুল পরিমাণ লাচ্ছা সেমাই, পুরো কারখানাসহ কারখানায় রক্ষিত সেমাই তৈরির যন্ত্রপাতি ও মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অবস্থিত নাহিদ নাঈম ফুড প্রোডাক্টস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতে লাচ্ছা সেমাই ভাজার কাজ শেষ করে কারিগররা চুলার পাশেই বিপুল পরিমাণ সেমাই স্তূপ করে রেখেছিল। অতিরিক্ত তৈলাক্ত থাকার কারণে চুলার অবশিষ্ট তাপ কিংবা আগুনের স্ফুলিঙ্গ থেকে দ্রুত আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে শেরপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুর স্টেশনের কর্মকর্তা মো. বখতিয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার তাপ বা আগুনের স্ফুলিঙ্গ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
কারখানা মালিক হেলাল উদ্দিন মণ্ডল জানান, আগুনে মজুদকৃত বিপুল পরিমাণ লাচ্ছা সেমাই, তৈরির যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।