পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গণপরিবহনগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বিগত সময়গুলোর তুলনায় বর্তমানের সার্বিক পরিবেশ অনেক উন্নত এবং নিয়মতান্ত্রিক রয়েছে। সরকার ইতোমধ্যে সব রুটের জন্য সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দিয়েছে এবং পরিবহনগুলো সেই নিয়ম মেনেই যাত্রী পরিবহন করছে। সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্ভোগ যথাসম্ভব কমিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সাধ্যের মধ্যে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ঈদযাত্রায় কিছু ব্যবহারিক সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ঈদের সময়ে যাত্রীর চাপের তুলনায় অনেক সময় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকে, যার ফলে কিছু সীমাবদ্ধতা তৈরি হওয়া স্বাভাবিক। এছাড়া কিছু যাত্রীর চলন্ত অবস্থায় বা মাঝপথ থেকে গাড়িতে ওঠার প্রবণতা রয়েছে, যা ভ্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে কোনো যাত্রী যদি নির্দিষ্ট কোনো পরিবহনের বিরুদ্ধে নিয়মভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ করেন, তবে প্রশাসন তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।
পশুর হাটের কারণে যানজট প্রসঙ্গে সেতুমন্ত্রী স্বীকার করেন যে, বেশকিছু জায়গায় সড়কের ওপর বা কাছাকাছি পশুর হাট বসার খবর পাওয়া গেছে। কিছু হাটে ক্রেতা ও পশুর চাপ অতিরিক্ত হওয়ায় তা মূল সড়ক পর্যন্ত চলে এসেছে।
তিনি জোর দিয়ে বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কোরবানির পশু কেনাবেচা এবং সাধারণ মানুষের ঈদযাত্রা- উভয় প্রক্রিয়াকেই সমানভাবে নিরাপদ করা। দুর্ঘটনা রোধে প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা থাকলেও মাঠপর্যায়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা কাটিয়ে উঠতে কাজ চলছে।