সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় বজ্রপাতে শাহানারা বেগম (৩০) নামে এক বিধবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহানারা বেগম ওই গ্রামের জাকের মোল্লার মেয়ে। তিনি তিন সন্তানের জননী। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিতে সংগ্রাম করে যাওয়া এ নারীর আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন অসহায় হয়ে পড়েছে।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম জানান, সকালে আবহাওয়া খারাপ থাকায় এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় শাহানারা বাড়ির পাশে মাছের ঘেরের দিকে তার মাকে খুঁজতে যাচ্ছিলেন। ঠিক তখনই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শাহানারার জীবন ছিল সংগ্রামে ভরা। কিছুদিন আগেই স্বামীর অকাল মৃত্যু হয়। এরপর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। সন্তানদের বাঁচাতে এলাকায় দিনমজুরের কাজ করতেন। কখনও অন্যের বাড়িতে, কখনও মাছের ঘেরে, যেখানে কাজ মিলত, সেখানেই ছুটে যেতেন জীবিকার তাগিদে।
স্থানীয় প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, শাহানারা খুবই শান্ত ও পরিশ্রমী মানুষ ছিলেন। স্বামীর সঙ্গে আগে জেলার বাইরে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। স্বামী মারা যাওয়ার পর সন্তানদের মানুষ করতে একাই লড়াই করছিলেন। এমন মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন।