পটুয়াখালীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জ-বরগুনা আঞ্চলিক সড়কের রাঢ়িবাড়ী বটতলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মীর তৈয়ব আলী (৬০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ যাত্রী।

বুধবার (২৭ মে) সকাল ৯টার দিকে বরগুনা থেকে বরিশালগামী ‘নব দিগন্ত’ পরিবহনের একটি বাস ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত পিয়ারা বেগমকে (৫০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মির্জাগঞ্জ থানার ওসি আবদুস সালাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।