ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আটজন আহত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশের পথে এ দুঘর্টনা ঘটে৷ ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন, রবিন (২৩), হেলাল (৪০), সায়মন (২২), তামিম (১৭), জোনায়েদ (২১), নাঈম (২০), আউয়াল (৪৫), মাহমুদুল হাসান (২৩)। আহতদের মধ্যে জুনায়েদ হাসানের হাত ভেঙে গেছে। বাকিরা মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। তারা সবাই সিলেট বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে প্রবেশের আগ মূহুর্তে গাছের ডালের সাথে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা আট যাত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে  যাত্রীরা আহত হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক অনিক দেব জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এর মধ্যে জোনায়েদ হাসানের হাত ভেঙ্গে যায়। তবে সবাই শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।