ঈদের ছুটিতে ঢাকা এখন ফাঁকা

রাজধানীজুড়ে টানা সাত দিনের সরকারি ছুটিতে লাখ লাখ মানুষের ঢাকা ছেড়ে চলে যাওয়ায় ফাঁকা হয়ে পড়েছে ব্যস্ত নগরী। মিরপুর, ফার্মগেট, মগবাজারের মতো গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেই চিরচেনা যানজট।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটিতে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনেই মূলত ঢাকা ফাঁকা হয়ে যাওয়ার এ চিত্র।

দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখা হয়েছিল। তবে এখন পুরোদমে চলছে ছুটির আমেজ। ছুটি শেষে আগামী ১ জুন সোমবার থেকে অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম আবার স্বাভাবিক সময়সূচিতে ফিরবে।

বুধবার (২৭ মে) সকাল থেকে দেখা গেছে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা। মিরপুর, বনানী, মোহাম্মদপুর, ফার্মগেট, মগবাজার ও খিলক্ষেতের সড়কগুলোয় যানবাহনের দীর্ঘ সারি বা তীব্র যানজটের বদলে ছিল স্বস্তি। কোথাও কোথাও কিছু যানবাহন চলাচল করলেও সাধারণ সময়ের যানজটের চিত্র কোথাও নেই।

ঢাকাবাসীর কাছে এ এক বিরল দৃশ্য! ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে যাওয়ার এ ধারা প্রতিবছরই দেখা গেলেও এ বছর টানা সাত দিনের ছুটিতে ঢাকা আরও বেশি ফাঁকা বলে মত অনেকের। এখন নগরীর বাতাসেও যেন এক অন্য রকম প্রশান্তি। তবে আগামী সোমবার থেকে আবার ফিরবে ব্যস্ততার চিরচেনা দৃশ্যপট-যানজট, হর্নের শব্দ আর ব্যস্ত নগরজীবন।