পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনের অংশ হিসেবে আজ বুধবার (২৭ মে) হাজিরা বেশ কয়েকটি কাজ করেন। মুজদালিফায় রাত কাটিয়ে ১০ জিলহজ সকালে মিনায় পৌঁছে বড় জামারায় শয়তানের উদ্দেশে একে একে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন। হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নাহর অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মধ্য দিয়ে শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন হাজিরা।
কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করেন এই গুরুত্বপূর্ণ আমল। আর যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন, তারা কনফারমেশন বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেন। পুরো প্রক্রিয়াজুড়েই হাজিদের মাঝে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও প্রশান্তির আবহ।
কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুণ্ডন বা চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন আল্লাহর মেহমানরা। তাই একটু দ্রুত মাথা মুণ্ডন কিংবা চুল কাটার চেষ্টা করেন। দীর্ঘ প্রতীক্ষার পর ইহরামের সাদা কাপড় বদলে সাধারণ পোশাকে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি, তৃপ্তি আর আনন্দের ছাপ।
কোরবানি শেষে হাজিদের মাথা মুণ্ডন বা চুল ছোট করতে হয়। তাই মক্কার সেলুনে অন্য দিনের তুলনায় বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে। ভিড়ের কারণে কোনো কোনো সেলুন বেশি দাম নিচ্ছে মাথা মুণ্ডন করতে।
বিশেষ করে মক্কার ক্লক টাওয়ারে অবস্থিত সেলুনে হাজিদের মাথা মুণ্ডনে ২০ রিয়াল থেকে শুরু করে কোনো সেলুন ৫০ রিয়াল পর্যন্ত দাম চাচ্ছে।
ক্লক টাওয়ারে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের সেলুন রয়েছে। সেখানে সেবাগ্রহীতাদের খুব দ্রুত এবং বিরামহীন সেবা দেওয়া হচ্ছে।
এক পরিসংখ্যানে বলা হয়েছে, গড়ে প্রতি তিন মিনিটে একজন গ্রাহককে সেবা দিচ্ছে সেলুনগুলো।