ঢাকা-১৬ আসনের বাউনিয়াবাদ এলাকায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ মে) প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে ক্ষতিগ্রস্তদের হাতে এ অনুদান ও ঈদ সামগ্রী তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো যাতে আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এর পাশাপাশি আগামীকালকের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারগুলোর জন্য কুরবানীর গরু এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী প্রদান করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন এবং স্পষ্ট জানিয়ে দেন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত তারা এ স্থানেই বসবাস করতে পারবেন।