দেশে গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১১৮টি শিশু। বুধবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৭২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৮৮টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৬০টি শিশু মারা গেছে।
পাশাপাশি ২৪ ঘণ্টায় ৬২টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৫৬। এই সময়ে ৯৩৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১০৩টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২৭ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭ হাজার ৭৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা আট হাজার ৮৩৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৩ হাজার ৪৬৩ রোগী, যাদের মধ্যে ৪৯ হাজার ৯০৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।