স্পোটিপাই তাদের অডিওবুক লাইব্রেরিতে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। কোম্পানিটি ঘোষণা করেছে যে তারা এখন থেকে দীর্ঘ-আকারের ম্যাগাজিন ও সংবাদ প্রবন্ধকে অডিও আকারে যুক্ত করছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে ৬৫০টিরও বেশি ন্যারেটেড আর্টিকেল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এই নতুন সংযোজনটি মূলত ইংরেজি ভাষায় তৈরি হলেও, যেসব দেশে স্পোটিপাই এর অডিওবুক সুবিধা চালু আছে, সেসব অঞ্চলের ব্যবহারকারীরা এটি শুনতে পারবেন। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রোতারা এখন জনপ্রিয় ম্যাগাজিনের গুরুত্বপূর্ণ ও বিশদ প্রতিবেদনগুলো অডিও আকারে উপভোগ করতে পারবেন।
এই প্রকল্পে স্পোটিপাই একাধিক নামকরা প্রকাশনার সঙ্গে অংশীদারিত্ব করেছে। এর মধ্যে রয়েছে রোলিং স্টোন, দ্য আটলান্টিক, ভোগ, ভ্যারাইটি, বিলবোর্ড, ভাইব, জি-কিউ, ওয়ায়ার্ড, ভ্যানিটি ফেয়ার ও পিচফর্ক এর মতো জনপ্রিয় মিডিয়া প্রতিষ্ঠান। এসব প্রকাশনার নির্বাচিত প্রবন্ধগুলো মূলত সংগীত, প্রযুক্তি, বিনোদন ও সংস্কৃতির মতো বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি, যা স্পোটিপাই-এর ব্যবহারকারীদের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
স্পোটিপাই অডিওবুকস বিভাগের লাইসেন্স প্রধান কলিন প্রেন্ডারগাস্ট জানিয়েছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের জন্য দীর্ঘ ও সংক্ষিপ্ত—উভয় ধরনের অডিও কনটেন্টকে আরও সহজলভ্য করা। তার মতে, এই ধরনের ন্যারেটেড আর্টিকেল ব্যবহারকারীদের ধীরে ধীরে অডিওবুকের দিকে আকৃষ্ট করবে এবং প্ল্যাটফর্মে বই শোনার অভ্যাস তৈরি করতে সাহায্য করবে।
নতুন এই আর্টিকেলগুলো সাধারণত দুই ঘণ্টার কম সময়ের মধ্যে শোনা যাবে। এগুলো স্পোটিপাই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অন্তর্ভুক্ত ১৫ ঘণ্টার মাসিক অডিওবুক লিসেনিং টাইমের মধ্যেই গণনা হবে। যারা নিয়মিত বেশি শোনেন, তারা অতিরিক্ত লিসেনিং টাইম কিনতে পারবেন অথবা অডিওবুক+ নামের একটি মাসিক অ্যাড-অন ব্যবহার করতে পারবেন। এছাড়া কিছু আর্টিকেল আলাদাভাবেও কেনা যাবে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি পিস ২ ডলার।
স্পোটিপাই জানিয়েছে, এই ন্যারেটেড আর্টিকেলগুলো তাদের নিজস্ব অডিওবুক টিম দ্বারা প্রযোজিত। এখানে মানব কণ্ঠের পাশাপাশি কিছু অংশে ডিজিটাল ভয়েস ব্যবহার করা হয়েছে, এবং যেসব অংশে কৃত্রিম কণ্ঠ ব্যবহৃত হয়েছে তা ব্যবহারকারীদের জন্য আলাদাভাবে চিহ্নিত করে দেওয়া হবে।