অ্যাথলেটিকস ফেডারেশনের সদস্য নজির আহমেদ মল্লিককে এক বছর আন্তর্জাতিক গেমস বা টুর্নামেন্টে না পাঠানোর সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে ঘরোয়া আসরে নারীদের কোন দলে বা খেলায় কোন প্রকার দায়িত্ব না দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
দুটি সুপারিশই করেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. নাঈম আশফাক চৌধুরী। প্রথম সুপারিশটি তিনি করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে। এবং দ্বিতীয় সুপারিশের চিঠি দেন ফেডারেশনের সাধারন সম্পাদকের কাছে। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক মো. শাহ আলম।
গত ১৭ মে দৈনিক দেশ রুপান্তর’র খেলায় পাতায় ‘নারীর সঙ্গে অসদাচরনের অভিযোগ কর্মকর্তার’ শিরোনামে প্রকাশিত খবর প্রকাশের সত্যতা খুঁজে পেয়ে এই সুপারিশ করেন সভাপতি। সূত্রে জানা গেছে, এপ্রিলে চীনের সানায়াতে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে লিয়াজো অফিসারে সঙ্গে অসদাচরন করায় চীন অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছ থেকে সতর্কবার্তার চিঠি পায় বিওএ। এরপরই নড়েচড়ে বসেন কর্মকর্তারা। তদন্ত করে এর সত্যতা পান।