আজ পবিত্র ঈদুল আজহা

পবিত্র ঈদুল আজহা আজ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হবে ঈদ। 

সকালেই ঈদের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর সামর্থ্যবানরা দেবেন পশু কুরবানি। ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায়। এতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তবে আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে। 

এছাড়া মন্ত্রিসভার সদস্য, সুপ্রিমকোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।

নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। 

এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পবিত্র ঈদুল আজহার নামাজের প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত হবে ৮টা ৩০ মিনিটে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জামাত অনুষ্ঠিত হবে। 

এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

প্রায় ছয় হাজার বছর আগে মুসলিম উম্মাহর পিতা হজরত ইব্রাহিম ও তার ছেলে হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনকারী ঘটনা পবিত্র কুরবানি। পিতা-পুত্র আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে শতভাগ আত্মসমর্পণকারী। সেই ঐতিহাসিক ঘটনাকে বিশ্ব মুসলিমের জন্য স্মারক করে দিলেন মহান আল্লাহ।

বৃহস্পতিবার সারা দেশে সামর্থ্যবানরা কুরবানির পশু জবাই করবেন। নিজেরা খাবেন এবং আত্মীয়স্বজন, প্রতিবেশীকে উপহার ও হতদরিদ্রদের মাংস দান করবেন। ফলে ঈদে সবার মাঝে একটি সম্প্রীতির বন্ধন গড়ে উঠবে। 

এরই মধ্যে ঘরে ঘরে বিরাজ করছে ঈদের আনন্দঘন পরিবেশ।