চীনের সাথে দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের সুবাদে সুইজারল্যান্ডকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ‘ক্রস-বর্ডার’ বা আন্তর্জাতিক অফশোর সম্পদ ব্যবস্থাপনা কেন্দ্রে পরিণত হয়েছে হংকং। বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সংস্থাটি জানিয়েছে, ইতিহাসে এই প্রথমবারের মতো হংকং শীর্ষস্থান দখল করল এবং এশিয়ার অফশোর হাবগুলোর প্রবৃদ্ধির গতি ইউরোপের তুলনায় বেশি হওয়ায় নিকট ভবিষ্যতে এই অবস্থানের পরিবর্তনের সম্ভাবনা কম।
বুধবার প্রকাশিত বিসিজি’র ‘২০২৬ গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ অনুযায়ী, চীন থেকে আসা বিপুল মূলধন এবং ২০২৫ সালে হংকংয়ের শেয়ার বাজারে আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) বা প্রাথমিক গণপ্রস্তাবের জোয়ারের ওপর ভর করে হংকংয়ের অফশোর সম্পদের পরিমাণ ২ দশমিক ৯৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, এতদিন শীর্ষে থাকা সুইজারল্যান্ডের আন্তর্জাতিক অফশোর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ৯৪ ট্রিলিয়ন ডলারে। সামান্য ব্যবধানে সুইজারল্যান্ডকে পেছনে ফেলে হংকং এখন বিশ্বের ধনকুবেরদের সম্পদের সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।
প্রতিবেদনের লেখকরা উল্লেখ করেছেন, “বিশ্ববাজারের সঙ্গে চীনের সংযোগদ্বার বা গেটওয়ে হিসেবে হংকং নিজের অবস্থানকে আরও সুসংহত করছে।