দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে, কোনো ঘাটতি নেই, ফলে পরিকল্পিত লোডশেডিং করারও সুযোগ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (২৮ মে) যশোর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোথাও কোথাও ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা সৃষ্টি হলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
যশোর ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে আরও অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।