ইরানের বন্দরনগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনায় বৃহস্পতিবার (২৮ মে) ফের মার্কিন হামলার পর বেড়ে গেছে জ্বালানি তেলের দাম।
উত্তেজনার পারদ বাড়ায় দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। আর এই অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম এক ধাক্কায় প্রতি ব্যারেল ৯৫ ডলার ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিজস্ব তেলের বাজারও উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে প্রতি ব্যারেল তেলের দাম ৯১ ডলার পার হয়ে গেছে।
এদিকে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার মাঝেই নতুন করে সংঘর্ষের খবর আসছে, যা গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন বিশ্ববাজারের ব্যবসায়ীরা। বিশেষ করে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ এখনো অবরুদ্ধ থাকার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও তীব্র হয়েছে।