ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ছেলের কোদালের কোপে ফুলজান বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত হোসেন শেখ (২৫) তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন শেখ দিনমজুরের কাজ করতেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাকী বসবাস করতেন এবং নিজেই রান্নাবান্না করতেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।
ঘটনার সকালে হোসেন শেখের ঘরের সামনে ফুলগাছের চারা রোপণ করতে যান তার মা ফুলজান বেগম। এ সময় বিষয়টি নিয়ে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হোসেন শেখ কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফুলজান বেগম মারা যান। ঘটনার পর অভিযুক্ত হোসেন শেখ পালিয়ে যান।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।