এআই বিতর্কে শাকিব খান!

এবার ঈদুল আজহা উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন চিত্রতারকা শাকিব খান। তবে সেই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। ভিডিওটি দেখার পর অনেকেরই প্রশ্ন-এটি কি সত্যিই শাকিব খানের ভিডিও, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে? 

শাকিব খানের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটির কমেন্ট বক্সে এ নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকেই ভিডিওটির কণ্ঠ, অভিব্যক্তি ও উপস্থাপনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 

স্যামউডন মান নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘এটা কি সাকিব খান, নাকি এআই।’ আবার প্রিন্স নামের একজন লিখেছেন, ‘আচ্ছা আমার একটা প্রশ্ন, ওইটা কি সাকিব খান, নাকি এআই।’ নিশান নামের আরেক ভক্তের মন্তব্য, ‘এটা তো আমাদের শাকিব নয়, এআই মনে হচ্ছে।’

শুধু এ কয়েকজনই নন, আরও অনেকে ভিডিওটি নিয়ে একই ধরনের প্রশ্ন তুলেছেন। যদিও এ বিষয়ে এখনো শাকিব খান বা তার টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভিডিও বার্তায় শাকিব খানকে বলতে শোনা যায়, ‘সবাইকে ঈদুল আজহার অনেক অনেক অনেক শুভেচ্ছা। এবারের ঈদের আপনার কাছের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘রকস্টার’। ঈদে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে উপভোগ করুন রকস্টার।’ 

এদিকে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমাটি এরই মধ্যে আলোচনায় এসেছে। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহ পেয়েছে ছবিটি। গতকাল রাতে সিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু হল তালিকা প্রকাশ করেন। সেখানে দেখা যায়, মাল্টিপ্লেক্স চেইন ও একক হল মিলিয়ে দেশের মোট ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’।