গলাচিপা

অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ এলাকার তামিম হাং (২০) ও ইমরান হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরকারি কলেজ রোড দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তামিম হাং ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইমরান হোসেনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় অটোরিকশার যাত্রী সোহরাব হাং (৫৫) ও ফরিদ হাং (২৫) গুরুতর আহত হন। তাদেরও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।