পটুয়াখালীর বাউফলে কোরবানির পশুর অস্থায়ী হাট শেষে বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বাউফল পাবলিক ফিল্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঈদুল আজহা উপলক্ষে মাঠে বসানো পশুর হাট শেষে ছড়িয়ে থাকা বর্জ্য ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে অংশ নেন সংসদ সদস্যও।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল পাবলিক ফিল্ড পৌর শহরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি উন্মুক্ত স্থান। এখানে প্রতিদিন মানুষ হাঁটাচলা, শরীরচর্চা ও অবকাশ যাপনের জন্য আসে। তাই মাঠের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষা করা সবার দায়িত্ব।তিনি আরও বলেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন ও সবুজ বাউফল গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ খান, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাসেল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।