টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেল পৌনে ৫টার দিকে এলেঙ্গা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই পথচারীর নাম শফি মোল্লা (৪৫)। তিনি রাজাবাড়ী গ্রামের জবান আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির মাংস কাটাকাটি শেষে শফি মোল্লা রাজাবাড়ী থেকে এলেঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কালিহাতী থেকে ছেড়ে আসা ভাই ভাই ক্লাসিক নামের একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এলেঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।