দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও বেজায় জনপ্রিয় ভারতীয় র্যাপার হানি সিং। তার দাপট, ব্যক্তিত্ব থেকে স্টাইল স্টেটমেন্ট, সবটাই অনুরাগীদের কাছে ‘ব্যকরণ সম’! সেই হানি সিং যখন পরচুলা ব্যবহারের কথা প্রথমবার ফাঁস করলেন, তখন সেটা নিয়ে যে শোরগোল হবে, তা বলাই বাহুল্য। কিন্তু কীভাবে এই হাল হলো হানির?
একসময়ে মাদকের করাল গ্রাসে ডুবে নিজেকেই শেষ করতে বসেছিলেন হানি সিং। একাধিক সাক্ষাৎকারে খুব আক্ষেপের সুরে গায়ক বলতেন যে, ‘ড্রাগ আমাকে একেবারে নষ্ট করে দিয়েছে।’ তবে নিজের চেষ্টায় শেষমেশ নেশামুক্ত হয়ে মূলস্রোতে ফিরতে পেরেছেন খ্যাতনামা র্যাপার। সম্প্রতি শিল্পীর এমন ঘুরে দাঁড়ানোর গল্পকেই পাঞ্জাবে মাদকবিরোধী প্রচারে তুলে ধরা হবে বলে জানা গিয়েছিল। এবার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হানি সিং এমন কথা বললেন, যা আগে কোনোদিন প্রকাশ্যে আনেননি।
হানি জানান, সময়ের সঙ্গে সঙ্গে তিনি মাদকের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েন যে, সকালে ঘুম থেকে ওঠার পরই তার মাদকের প্রয়োজন হতো। এমনকি রাতে ঘুমোতে যাওয়ার আগেও তিনি মাদক সেবন করতেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রাতে খাবার এলে মনে হত, এটাই জীবনের শেষ খাওয়া। কিন্তু সাত বছরের চেষ্টায় ‘নরকযন্ত্রণা’ থেকে শেষমেশ মুক্তি পান।
এমন অতিরিক্তি মাদকসেবনের অভ্যেস কাটাতে কড়া ওষুধ খেতে হত হানি সিংকে। সেসময়েই বড়সড় বিপাকে পড়েন র্যাপার। সাক্ষাৎকারে তিনি জানান, ‘সাত বছর ধরে ওষুধ খেয়েছি। আমার ওজন তখন ১০৫ কেজি হয়ে গিয়েছিল। সব চুল পড়ে গিয়ে মাথায় টাক হয়ে যায়।’ তবে কি স্টাইলিস্ট র্যাপার এখন পরচুলা পরেন? একবাক্যে নিজেই সেকথা স্বীকার করে নেন তিনি। হানি সিং জানান, “আমার পুরো মাথায় টাক। আমি আসলে এখন পরচুলাই পরি।’
‘সুপারস্টার সিং’য়ের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ‘থ’ অনুরাগীরা। তাদের মন্তব্য, ‘এতদিন তো ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি যে আপনি পরচুলা পরেন!’