গাইবান্ধায় ঈদের দিনে সড়কে প্রাণ গেল নারীর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার মাওলানা ভাসানী তিস্তা সেতুর উত্তর প্রান্তে শহরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মালেকা বেগম উপজেলার ডাঙ্গারচর গ্রামের মনছুর আলীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে মালেকা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আহত মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে স্থানীয়রা চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।