ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যে ওমানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিরোধে ওমান জড়ালে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
বুধবার (২৭ মে) ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, 'কেউ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে না। এটি আন্তর্জাতিক জলসীমা। ওমানকে অন্য সবার মতো আচরণ করতে হবে, না হলে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে।'
তার এই মন্তব্য এমন সময় এলো, যখন খবর প্রকাশ হয়েছে যে ওমান ও ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তদারকি নিয়ে আলোচনা করছে।
যদিও ট্রাম্প হরমুজকে আন্তর্জাতিক জলসীমা বলে উল্লেখ করেছেন, বাস্তবে প্রণালিটির বেশিরভাগ অংশ ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে। কিছু অংশ সংযুক্ত আরব আমিরাতের জলসীমার কাছেও বিস্তৃত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে। তেহরান কিছু ক্ষেত্রে জাহাজপ্রতি প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত অর্থ আদায়ের উদ্যোগ নেয় বলে অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী, এমন প্রাকৃতিক প্রণালিতে জাহাজ চলাচলের ওপর সরাসরি টোল আরোপ করা যায় না। তবে সংশ্লিষ্ট দেশগুলো বীমা, রক্ষণাবেক্ষণ বা নোঙর সহায়তার মতো সেবার বিনিময়ে অর্থ নিতে পারে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, তেহরান ও ওয়াশিংটন এমন একটি সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে, যার আওতায় ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালি তদারকি করবে। সেখানে জাহাজ চলাচলের অর্থকে 'টোল' নয়, বরং সেবা ফি হিসেবে উল্লেখ করার প্রস্তাব রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে।