নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকোল ফাউন্ডেশন (জিসিএএফ)-এর ৫০তম বোর্ডসভায় অংশ নিয়েছেন। ক্রেডিট অ্যাগ্রিকোল ফেডারেশনের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
২০০৮ সালে ফরাসি ব্যাংকিং প্রতিষ্ঠান ক্রেডিট অ্যাগ্রিকোল এস এ এবং অধ্যাপক ইউনূসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকোল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচন ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
সভায় জানানো হয়, ফাউন্ডেশনটি ইতোমধ্যে প্রায় ৪০টি উদীয়মান অর্থনীতিতে ৮২ মিলিয়ন ইউরোরও বেশি বিনিয়োগ করেছে। এর মাধ্যমে ৭০ লাখের বেশি সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়েছে। বিশেষ করে গ্রামীণ উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর সংস্থাটি অধিক গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রেডিট অ্যাগ্রিকোল গ্রুপের জেনারেল সেক্রেটারি ভেরোনিক ফজুর, জিসিএএফের চেয়ারম্যান রাফায়েল অ্যাপার্ট, জেনারেল সেক্রেটারি ফিলিপ গুইশানদুত, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ওয়াইওয়াই ভেঞ্চারসের ব্যবস্থাপনা পরিচালক শাজীব এম খায়রুল ইসলাম।
সভায় অংশগ্রহণকারীরা সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ এবং ‘থ্রি জিরো’ ধারণা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।