রোলাঁ গাঁরোয় টেনিস ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটালেন আর্জেন্টিনার হুয়ান ম্যানুয়েল সেরুন্দোলো। প্যারিসের তীব্র দাবদাহে বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর তারকা ইতালির জানিক সিনারকে হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়টি তুলে নিলেন ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন।
- দুই দশকের মধ্যে জানিক সিনারের আগে একমাত্র শীর্ষ বাছাই হিসেবে গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে এক নম্বর সিড হিসেবে খেলতে নেমে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আমেরিকার ম্যাকেনজি ম্যাকডোনাল্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।
প্যারিসের ফিলিপ-শ্যাত্রিয়ে কোর্টে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি যখন শুরু হয়েছিল, তখন কেউ ভাবতেও পারেনি এমন এক নাটকীয় সমাপ্তি অপেক্ষা করছে। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তীব্র গরমের মধ্যে ম্যাচটি সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে স্থায়ী হয়।
ম্যাচের শুরুটা টপ সিড জানিক সিনারের নিয়ন্ত্রণে ছিল। প্রথম দুই সেট তিনি ৩-৬, ২-৬ ব্যবধানে সহজেই জিতে নেন। এমনকি তৃতীয় সেটেও সিনার ৫-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের ঠিক এক গেম দূরে দাঁড়িয়ে ছিলেন! কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে ছন্দপতন। তীব্র গরমে সিনার হঠাৎ শারীরিক সমস্যায় পড়েন এবং টানা ১১টি পয়েন্ট হারান। স্কোর যখন ৫-৪ এবং সিনারের সার্ভিসে ০-৪০, তখন তিনি চিকিৎসকের শরণাপন্ন হন এবং মেডিকেল ট্রিটমেন্টের জন্য লকার রুমে যান।
চিকিৎসা নিয়ে কোর্টে ফিরলেও সিনার আর তাঁর স্বাভাবিক ছন্দ ফিরে পাননি। চতুর সেরুন্দোলো প্রতিপক্ষকে পরিশ্রান্ত করার জন্য দীর্ঘ র্যালি খেলার কৌশল বেছে নেন। ফলে তৃতীয় সেটটি ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসেন আর্জেন্টাইন তরুণ।
চতুর্থ ও পঞ্চম সেটে সিনারকে কোর্টে স্রেফ দাঁড়াতেই দেননি সেরুন্দোলো। সিনারের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে এবং তিনি চরম দুর্বলতা প্রকাশ করেন। শেষ দুটি সেট ৬-১, ৬-১ ব্যবধানে জিতে ৩-৬, ২-৬, ৭-৫, ६-১, ৬-১ স্কোরে ম্যাচ নিজের নামে করেন সেরুন্দোলো। এই হারের পর সিনার স্বীকার করেন, 'আমার মনে পড়ে না শেষ কবে আমি নিজেকে এতটা দুর্বল অনুভব করেছি।'
ম্যাচ শেষে কোনো বাড়তি অহংকার না দেখিয়ে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ব র্যাংকিংয়ের ৫৬ নম্বরে থাকা সেরুন্দোলো। তিনি বলেন, 'আমি ভাগ্যবান ছিলাম। ও (সিনার) একপর্যায়ে ৬-৩, ৬-২, ৫-১ ব্যবধানে এগিয়ে ছিল। আমি সাহস করে বলতে পারব না যে আমি ওকে স্রেফ হারিয়ে দিয়েছি। এটি মূলত ওঁর শারীরিক অসুস্থতার কারণে হয়েছে। আমি শুধু কোর্টে আমার কাজটা ঠিকঠাক করেছি। ও অসাধারণ একজন মানুষ, আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।'