ঈদের রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম অংশে ক্রসিং টাওয়ার এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়া অভিমুখী দ্রুতগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পটিয়া থেকে ছেড়ে আসা মইজ্জ্যারটেক অভিমুখী মাহিন্দ্রার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাতে ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ক্রসিং এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। আহত অন্তত ৩০ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।