পদ্মা সেতু দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

ঈদের দিন বিকেলে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার দুই বন্ধু নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) ও ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নম্বরবিহীন একটি অ্যাপাচি মোটরসাইকেলে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রাজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ইব্রাহিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।